একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই: মির্জা ফখরুল

একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৫:০৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পাকিস্তানের শোষণ-নির্যাতনের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। অথচ, যারা শেষ মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছে, আজ তারা আবার দেশ শাসনের জন্য ভোট চাচ্ছে। তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবেন না। আমরা ১৯৭১ সালকে মাথায় তুলে রাখতে চাই। কারণ ওঠাই আমাদের ও বাংলাদেশের অস্তিত্ব।”

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “হিন্দু ভাই-বোনদের মধ্যে একটি ভয় কাজ করে—তারা সংখ্যালঘু, তাদের ওপর নির্যাতন হতে পারে। কিন্তু বিএনপি স্পষ্টভাবে বিশ্বাস করে, এই দেশে কেউ সংখ্যালঘু নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলে গেছেন—এই দেশের সংখ্যালঘু কেউ নাই, সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশের সবাই সমান নাগরিক। তাই কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই বুক উঁচু করে দাঁড়াবেন, আমরা আপনাদের পাশেই থাকব।”

বিএনপি মহাসচিব প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি কথা দিচ্ছি, বিএনপি সব সময় আপনাদের অধিকার রক্ষা করবে। হিন্দু-মুসলিম নির্বিশেষে সব নাগরিকের অধিকার, বিশেষ করে মা-বোনদের অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, “আগে নির্বাচনে নৌকা ও ধানের শীষ—দুই প্রতীক ছিল। এবার নৌকা নেই। নৌকার কান্ডারি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন, দিল্লিতে বসে আছেন। জনগণকে বিপদের মুখে ফেলে তিনি পালিয়ে গেছেন।”

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading