নির্বাচনী অনিয়ম রুখতে অভিযোগ সেল গঠন: কল করুন এই নম্বরে
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৫৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ ‘অভিযোগ সেল’ গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
নির্বাচনী প্রচারণায় বাধা, সহিংসতা বা যে কোনো ধরনের অনিয়ম দমনে এই সেলটি ২৪ ঘণ্টা কাজ করবে বলে জানানো হয়েছে।
অভিযোগ জানানোর নম্বর: নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য জানাতে সাধারণ নাগরিক ও প্রার্থীদের নিচের দুটি নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে:
* ০১৫৫০০৬৮২২৬
* ০১৫৫০০৬৪২২৭
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘গণভোট ও সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে এই অভিযোগ সেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা চাই ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।’
বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য কঠোর নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, ‘দায়িত্ব পালনে পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
কোনো কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহণ বা পক্ষপাতিত্বের অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এ ছাড়া নির্বাচন-পূর্ব এবং নির্বাচন-পরবর্তী সহিংসতা এড়াতে মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি দ্রুত সাড়া প্রদানকারী দল মোতায়েন থাকবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।
সাংবাদিকরা যাতে ভোটের দিন কেন্দ্র থেকে দ্রুত তথ্য পেতে পারেন, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে বিশেষ বুথ বা ব্যবস্থা রাখার নির্দেশনাও দেন তিনি।
ইউডি/এআর

