বাংলাদেশি সাংবাদিকদের আশার কথা শোনাল আইসিসি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৫৫
বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের আশার কথা শোনাল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর বাংলাদেশি সাংবাদিকদেরও বিশ্বকাপ কাভারের অনুমতি দেয়নি আইসিসি।
সংবাদসংস্থা পিটিআইকে আইসিসির এক সূত্র বলেছে, নতুন করে সবটা হচ্ছে। যেহেতু আবেদনের সংখ্যা বেড়েছে ও সূচি বদলেছে তাই সময় লাগছে। সাংবাদিকদের কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে।
পাশাপাশি একটি শর্তের কথাও জানা গিয়েছে। ওই সূত্র বলেছে, প্রতিটা দেশের একটা নির্দিষ্ট কোটা থাকে। ৪০ জনের বেশি সাংবাদিককে কার্ড দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি সাংবাদিক কার্ডের আবেদন করেছেন। প্রত্যেককে তো দেওয়া যাবে না। কাদের কার্ড দেওয়া হবে তা খতিয়ে দেখা হচ্ছে। তারপর তাদের কার্ড দিয়ে দেওয়া হবে।
এর আগে বাংলাদেশের সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন তাদের জানিয়েছেন, ১৩০ থেকে ১৫০ জন বাংলাদেশি সাংবাদিক বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি চেয়েছিলেন। তাদের অনুমতি দেওয়া হয়নি।
আমজাদ বলেন, আমি যত দূর জানি, বাংলাদেশি সাংবাদিকদের কার্ডের আবেদন খারিজ করা হয়েছে। এবছর ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক আবেদন করেছিলেন। কেউ অনুমতি পাননি।
রিপোর্টে আরও দাবি করা হয়েছে, যে সাংবাদিকদের আগে অনুমতি দেওয়া হয়েছিল, তাদের অনুমতিও বাতিল করা হয়েছে।
ইউডি/রেজা

