মক্কা-মদিনায় অর্ধেক হজযাত্রীরই বাড়ি ভাড়া হয়নি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৫০
নির্ধারিত সময়ের আর মাত্র দুই দিন বাকি থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া বিপুলসংখ্যক হজযাত্রীর মক্কা ও মদিনার বাড়ি ভাড়া এখনো চূড়ান্ত হয়নি।নুসুক মাসার সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত প্রায় অর্ধেক হজযাত্রীর জন্য এখনো আবাসনের চুক্তি সম্পন্ন হয়নি, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।
নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বাড়ি ভাড়া নিশ্চিত করতে লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোকে কঠোর নির্দেশনার পাশাপাশি ব্যর্থ হলে প্রশাসনিক ব্যবস্থারও সতর্কতা দেওয়া হয়েছে।
আগামী ২৯ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়া চুক্তি করার শেষ সময় বেঁধে দেওয়া হয়েছে।হিসাব অনুযায়ী, বেসরকারি ব্যবস্থাপনার অর্ধেক হজযাত্রীর বাড়ি ভাড়া হয়নি। তাই লিড এজেন্সিগুলোকে ২৯ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বাড়ি ভাড়া না করায় কালকিনী হজ ট্রাভেলসের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ২৯ জানুয়ারির মধ্যে বাড়ি ভাড়া করার নির্দেশনা দিয়ে ৩০টি লিড এবং ৬৩০ টি সমন্বয়কারী হজ এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, এবার হজে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরব যাবেন।
হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে নুসুক মাসার প্ল্যাটফর্ম থেকে পাওয়া সর্বশেষ প্রতিবেদনে বাড়ি ভাড়ার অগ্রগতি নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
গত ২৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ৩০টি লিড এজেন্সির মাধ্যমে মক্কায় মাত্র ৩৭ দশমিক ২৫ শতাংশ এবং মদিনায় ৪৬ দশমিক ৭৫ শতাংশ বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।
ইউডি/এআর

