দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের উদ্বোধন করলেন সেনাপ্রধান
উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:০০
ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট এলাকায় ১৭৩ একর জমিতে নির্মিতব্য অলিম্পিক ভিলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ভবিষ্যতে এ অলিম্পিক কমপ্লেক্স আন্তর্জাতিকমানের ক্রীড়া ভেন্যুতে রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান প্রকল্পটির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ওয়াকার উজ জামান বলেন, দীর্ঘদিন ধরেই একটি আধুনিক ও আন্তর্জাতিকমানের অলিম্পিক কমপ্লেক্স গড়ে তোলার স্বপ্ন ছিল।
বিভিন্ন স্থানে জায়গা নির্ধারণের চেষ্টা করা হলেও নানা জটিলতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
পরে ত্রিশালের স্পোর্টস স্কুল এলাকায় অলিম্পিক ভিলেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।তিনি বলেন, এ কমপ্লেক্সে জাতীয় ও আন্তর্জাতিকমানের সব ধরনের ক্রীড়া সুবিধা থাকবে। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হবে। পাশাপাশি দেশের ক্রীড়াবিদরা নিয়মিত ও উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, অলিম্পিক ভিলেজ নির্মাণ একটি বৃহৎ ও ব্যয়বহুল প্রকল্প। এরমধ্যে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং নির্মাণকাজ শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
অর্থায়নের ব্যবস্থা নিশ্চিত হলে দ্রুত নির্মাণকাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ক্ষেত্রে দেশীয় ব্যাংক ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন সেনাপ্রধান।তরুণ প্রজন্মের চরিত্র গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
অলিম্পিক কমপ্লেক্স নির্মিত হলে এখানে আবাসিক সুবিধাসহ একটি আধুনিক ও মানসম্মত ক্রীড়া পরিবেশ গড়ে উঠবে। ভবিষ্যতে শাটল ট্রেন চালুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুবুল আলম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রহমান রানা, প্রকল্প পরিচালক কর্নেল কুতুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে অলিম্পিক কমপ্লেক্সের নকশা ও নির্মাণ পরিকল্পনা তুলে ধরা হয়।এর আগে সকালে সেনাপ্রধান হেলিকপ্টারে ময়মনসিংহে পৌঁছে বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি ত্রিশালের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
ইউডি/এআর

