জামায়াতকে যারা ইসলামি দল বলে তারা বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

জামায়াতকে যারা ইসলামি দল বলে তারা বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:১০

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছি। জামায়াতসহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াতকে ইসলামি দল বলে আমি বলবো তারা বোকার স্বর্গে বসবাস করে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দেবো। এই লক্ষ্য নিয়ে আমরা যখন কাজ করেছিলাম অনেক ইসলামি দল প্রথম অবস্থায় আমাদের সঙ্গে সমঝোতায় ছিল। রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকলো। তার সঙ্গে আরও কিছু দল আসলো। যখন দেশের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাড়া দিলো তখন দেশপ্রেমের পরিবর্তে, ইসলামের প্রেমের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে ছোবল দিলো। গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছে, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশে গড়ে উঠেছে বেগম পাড়া। এ দেশ আলেম-ওলামায়ের দেশ। এই জমিনে ইসলাম থাকবে না তা হতে পারে না। আমরা মনে করেছিলাম একা হয়ে গেছি। কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, আলেমরা রয়েছেন, দেশপ্রেমিকরা রয়েছেন।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading