যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন
উত্তরদক্ষিণ। শনিবার , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৪০
যেকোনো মূল্যে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মালিবাগ ও রাজারবাগ এলাবায় নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, ‘গতকাল শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল। কিন্তু এই আন্দোলনে পুলিশ যেভাবে সবাইকে পিটিয়েছে এবং হামলা করেছে, এটা প্রশাসন থেকে শুরু করে সবার জন্য একটা লজ্জার বিষয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গতকাল আমি গিয়েছিলাম হাসপাতালে। সেখানে দেখেছি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। জাবের, জুমাসহ অনেকে আহত হয়েছে। একজন প্রার্থী মহিউদ্দিন রনিকেও পেটানো হয়েছে।
আশা করবো এই ধরনের সংস্কৃতি থেকে সরকার সরে আসবে এবং নতুন বাংলাদেশ গঠনে আগ্রহী হবে।’ নির্বাচনী ইশতেহারে প্রথমে ওসমান হাদি হত্যার বিচারের বিষয়টি রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা রয়েছে, তারা নির্বাচন আয়োজন করবে। আবার আমাদের যে বিচারালয় রয়েছে, তারা ওসমান হাদি হত্যা বিচার করবে। ফলে একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক নয়।
আগে একভাবে দাঁড় করানো হয়েছিল- সংস্কার আর নির্বাচন কি আলাদা জিনিস কি না। এবারও একই পরিস্থিতি তৈরির চেষ্টা চালানো হচ্ছে।’
ইউডি/এআর

