রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট
উত্তরদক্ষিণ। শনিবার , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:০০
চার দফা দাবি না মানায় রবিবার থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন এ ঘোষণা দেন। এবারের ধর্মঘটে বহির্নোঙরের কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গেল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নৌ উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা ২ দিন কর্মবিরতি স্থগিত করে। কিন্তু এখন পর্যন্ত উপদেষ্টা শ্রমিকদের ৪ দফা দাবি বাস্তবায়নের কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করায় রবিবার সকাল ৮টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়া হলো।
এবারের ধর্মঘটে বহির্নোঙরের সব অপারেশনাল কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন চার দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো—এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়ার বিষয়ে সরকারি ঘোষণা দেয়া, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের নেতা মোহাম্মদ হারুন, তসলিম হোসেন, আবুল কাসেম, ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন প্রমুখ। বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিল সংগঠনটি।
নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার সংগঠনের নেতারা দুদিনের জন্য কর্মসূচি স্থগিত করলেও আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় শনিবার নতুন করে এ ধর্মঘটের ডাক দিলেন শ্রমিক নেতারা।
ইউডি/এআর

