ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড
উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১০:২৫
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় রবিবার (৮ ফেব্রুয়ারি) নার্গিসকে ওই কারাদণ্ড দেয়া হয়েছে বলে তার এক আইনজীবী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান।
আইনজীবী মোস্তাফা নিলি বলেন, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দেশত্যাগে দুই বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
ওই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মাদিকে আরও দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।
গত ১২ ডিসেম্বর একটি অনুষ্ঠান থেকে ইরানের নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা নার্গিস মোহাম্মদিকে গ্রেফতার করা হয়েছে।
নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। দুই দশকের বেশির ভাগ সময় তিনি তেহরানের এভিন কারাগারে কাটিয়েছেন।
ইউডি/রেজা

