সুখবর পেলেন সারজিস
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:৩০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া) আসনে নিজেদের কোনো প্রার্থী না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
একইসাথে এই আসনে জুলাই বিপ্লবের অন্যতম নেতা ও এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সুলতান মাহমুদ এই সমর্থনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
এর আগে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন সারজিস আলম। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা তাকে সমর্থনের বিষয়ে জানান।
ইসলামী আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, পঞ্চগড়-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রার্থী নেই।
এ জন্য জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এবং ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা অনুযায়ী আমরা তার পক্ষেই কাজ করছি।
ইইডি/এআর

