পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, আপডেট ১৮:৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মঙ্গলবার (২৩ জুন) পৃথক ফ্লাইটে তারা পাকিস্তানে পৌঁছান। ইরানের প্রেসিডেন্ট তেহরান থেকে সরাসরি পাকিস্তানের ফেডারেল রাজধানীতে আসেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছান। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা ডন।

রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে পৌঁছালে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইশহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি জানায়, পেজেশকিয়ানের সম্মানে বিমানঘাঁটিতে ২১ বার তোপধ্বনি দেওয়া হয় এবং যুদ্ধবিমান ফ্লাইপাস্ট প্রদর্শন করে।

সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা, জনগণের যোগাযোগ এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও প্রেসিডেন্টের প্রতিনিধিদলের অংশ হিসেবে সফরে রয়েছেন। তিনি পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মাসুদ পেজেশকিয়ানের এটি দ্বিতীয় পাকিস্তান সফর। এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় যৌথ ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হবে।

দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির লক্ষ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading