আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স দেওয়ার উদ্যোগ, অনুমোদন স্থগিত
উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২২:৪৫
নতুন সরকার গঠনের আগের দিন তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ ব্যাংক।
প্রস্তাবিত এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। তাদের দাবির মুখে শেষ পর্যন্ত পরিচালনা পর্ষদের সভায় ডিজিটাল ব্যাংকের কোনও অনুমোদন দেওয়া হয়নি।
দুপুরে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি পর্ষদ সভায় ডিজিটাল ব্যাংক অনুমোদনের প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও শেষ মুহূর্তে কার্যসূচি পরিবর্তন করা হয়।
সভায় আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রাপ্ত নম্বর সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। তবে, কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
সকালের সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ ও সরকার গঠনের প্রক্রিয়া চলছিল, ঠিক সে সময় মাত্র একদিনের নোটিশে ১৬ ফেব্রুয়ারি জরুরি পর্ষদ সভা ডাকা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা ও পেশাদারত্ব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।কাউন্সিলের অভিযোগ, নির্দিষ্ট একটি গোষ্ঠীকে লাইসেন্স দেওয়ার উদ্দেশ্যে এ সভা আহ্বান করা হয়েছিল। তারা দাবি করেন, বর্তমান গভর্নর অতীতে ওই গোষ্ঠীর একটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি গভর্নরের ঘনিষ্ঠ পরিচয়ের সূত্রে যোগ্যতাহীন ব্যক্তিদের পরামর্শক ও নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত করার অভিযোগও তোলা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বোর্ডের অনুমোদন ছাড়াই বহিরাগত ব্যক্তিকে কার্ড ইস্যু ও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে, যা নজিরবিহীন। তাদের মতে, অন্তর্বর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এমন বড় নীতিগত সিদ্ধান্ত নেওয়া আইন ও প্রথার পরিপন্থি এবং এর মাধ্যমে ব্যাংকিং খাতে একচেটিয়া বাজার তৈরির ঝুঁকি তৈরি হতে পারে।
ইউডি/এআর

