সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে এমপির শপথের মানে নেই: আসিফ মাহমুদ
উত্তরদক্ষিণ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৩০
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ এড়িয়ে গেলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোনো ‘মানে নেই’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শপথ অনুষ্ঠান সামনে রেখে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ফেইসবুক পোস্টে তিনি লেখেন, “সংবিধান সংস্কার পরিষদের শপথ আগামীকাল নির্ধারিত সময়েই হতে হবে। ‘সংবিধানে নেই’ মর্মে যদি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ না নিতে চান, তাহলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোনো মানে নেই।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটও হয়। তাতে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব বর্তাচ্ছে সংবিধান সংস্কার পরিষদের ওপর।
এই পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ত্রয়োদশ সংসদের সদস্যরাই। সে কারণে এমপি হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি মঙ্গলবার তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদাভাবে শপথ নিতে হবে।
সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে সোমবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “এটা যদি কন্সটিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে এমেন্ডমেন্ড হয় এবং সে শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিল ফর্ম হয়, সে শপথ কে পাঠ করাবেন, সেটা নির্ধারিত হয়, এতগুলো ‘হয়’ এর পরে, তারপরে হলেও হতে পারে।”
তার এই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আসিফ ভূঁইয়া লেখেন, “২০২৬ সালের নির্বাচন কোন সংবিধানে ছিল জনাব সালাহউদ্দিন আহমেদ?”
ইউডি/এবি

