ঈদের আগেই পরীক্ষামূলক ‘ফ্যামিলি কার্ড’, সরকারের দ্বিতীয় দিনেই কমিটি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৩০
নির্বাচনি প্রচারের সময় আলোচনায় আসা ফ্যামিলি কার্ড পরীক্ষামূলকভাবে রোজার ঈদের আগেই চালু করতে চায় নতুন সরকার।
শুরুতে আট বিভাগের আটটি উপজেলায় দেওয়া হবে এ কার্ড, যা দেশের প্রতিটি পরিবারকে দেওয়ার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল বিএনপির।
সরকারের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করেছে, যাতে বলা হয়েছে রোজার ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সে লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ‘মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র’ বিনির্মাণের প্রতিশ্রুতিতে যে ৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার দিয়েছিলেন সেটির অন্যতম ছিল ফ্যামিলি কার্ড।
নতুন প্রধানমন্ত্রী তার বিভিন্ন জনসভা ও আলোচনায় এ কার্ডের বিষয়টি তুলে ধরেন।
ইউডি/এবি

