স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:২০
স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি আমাদের আছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সকল বিদ্বেষ ভুলে গিয়ে রাজনৈতিক কোনো অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলব।’
তিনি জানান, ‘নরসিংদীসহ দেশের আরও যেখানে প্রয়োজন, সেখানে মেডিকেল কলেজ করা হবে। নরসিংদীর জন্য দুটো আইসিইউ ইউনিট করার ইচ্ছে পোষণ করেছি।’
স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সকালে প্রথমবারের মতো তিনি নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে আসেন। এ সময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন।
ইউডি/কেএস

