মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়ে আবেদন
উত্তরদক্ষিণ। শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:২৩
অনুমোদনবিহীন ‘সিসা লাউঞ্জ/হুক্কা বার’ নামক মাদক স্পট বন্ধ, মাঠ প্রশাসনের ঘুস গ্রহণের অভিযোগ তদন্ত এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা চেয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
আজ শনিবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই আবেদনটি পাঠান ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু। তিনি সমকালকে জানিয়েছেন, আজ শনিবার কুরিয়ারযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরাবর আবেদনটি পাঠানো হয়েছে।
আবেদনে বলা হয়, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, একটি সুস্থ ও নৈতিক জাতি গঠন এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় আপনার দৃঢ় অবস্থান, জিরো টলারেন্স নীতি ও চলমান মাদকবিরোধী অভিযানের জন্য জাতি গভীরভাবে কৃতজ্ঞ।
তবে দেখা গেছে, রাজধানীর বনানী, গুলশানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ‘সিসা লাউঞ্জ’ বা ‘হুক্কা বার’ নামের আড়ালে প্রকাশ্যে সিসা ও অন্যান্য মাদকীয় উপাদান সেবন ও সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা যুবসমাজকে দ্রুত নেশাগ্রস্ত করে তুলছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সিসা বা হুক্কার ধোঁয়ায় নিকোটিন, কার্বন মনোক্সাইড ও বহু বিষাক্ত রাসায়নিক উপাদান থাকে, যা দীর্ঘমেয়াদে ক্যানসার, হৃদ্রোগ, শ্বাসতন্ত্রের মারাত্মক রোগ ও স্নায়বিক জটিলতা সৃষ্টি করে। এটি শুধু ব্যক্তি নয়, জাতীয় জনস্বাস্থ্যের জন্যও এক গুরুতর হুমকি।
এছাড়াও, অভিযোগ রয়েছে—কিছু অসাধু মাঠ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সিসা মাদক কারবারিদের কাছ থেকে ঘুস ও অবৈধ সুবিধা গ্রহণ করে এসব অবৈধ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিচ্ছেন। ফলে সরকারের জিরো টলারেন্স নীতি বাধাগ্রস্ত হচ্ছে, পূর্ববর্তী অভিযানের সুফল নষ্ট হচ্ছে এবং মাদক কারবারিরা পুনরায় সক্রিয় হয়ে উঠছে—যা রাষ্ট্রের আইনশৃঙ্খলা ও সুশাসনের জন্য মারাত্মক হুমকি।
আপনার প্রত্যক্ষ, কঠোর ও সময়োপযোগী নির্দেশনাই পারে এই অনিয়ম, দুর্নীতি ও মাদক বাণিজ্যের অপচেষ্টা সম্পূর্ণরূপে বন্ধ করতে। আবেদনে মাদক নির্মূলে ৫টি বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাওয়া হয়।
প্রধানমন্ত্রীর দৃঢ়, ন্যায়নিষ্ঠ ও যুগোপযোগী পদক্ষেপই পারে দেশ ও যুবসমাজকে সিসা ও মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পারে বলে আবেদনে বলা হয়।
ইউডি/এআর

