টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান, একাদশে বাবর-শাদাব
উত্তরদক্ষিণ। শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৫৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। কলম্বোর এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক সালমান আলি আগা। টস হয়ে গেলেও ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। ম্যাচটিকে ঘিরে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। শঙ্কাই সত্যি হলো। টসের পরপর বৃষ্টি নামায় উইকেট কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
এদিকে টানা সমালোচনা সত্ত্বেও পাকিস্তানের একাদশে নিজেদের জায়গা ধরে রেখেছেন বাবর আজম ও শাদাব খান। সুপার এইটের এই গুরুত্বপূর্ণ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে পাকিস্তান। খাজা নাফায়কে বাদ দিয়ে একাদশে সুযোগ দেওয়া হয়েছে ফখর জামানকে। আগের ম্যাচের মতো এই ম্যাচেও একাদশের বাইরে রাখা হয়েছে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে।
অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বিশ্বকাপের মাঝপথে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়া ফাস্ট বোলার লকি ফার্গুসন ২৪ ঘণ্টা আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং একাদশেও ফিরেছেন। কানাডার বিপক্ষে ম্যাচটি মিস করেছিলেন তিনি। এছাড়া একাদশে ঢুকেছেন ইশ সোধি ও মিচেল স্যান্টনার। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন কোল ম্যাককঞ্চি, কাইল জেমিসন ও জ্যাকব ডাফি।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা ও উসমান তারিক।
নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, ইশ সোধি ও লকি ফার্গুসন।
ইউডি/এআর

