প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ। শনিবার (২১ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৫০
প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, একটি গ্রুপ মবকে প্রশ্রয় দিচ্ছে। প্রশাসনের একটি পক্ষ এতে সায় দিচ্ছে। তবে দেশে আর মব প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রশাসনকেও সচেতন থাকতে হবে। প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না।
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন বলেন, একটা দেশে গণতন্ত্র চলতে পারে না, যদি সে দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি জবাবদিহিতা না থাকে। শুধু অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হয় না, আমরা যে সুন্দর সমাজ চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনা থাকতে হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠভাবে কাজ করতে দিতে হবে। গণমাধ্যমকে কুক্ষিগত করতে দেওয়া হবে না। আমি গণমাধ্যমের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছি। গণমাধ্যমের ওপর কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।
ইউডি/এবি

