সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা: কনস্যুলার সেবা বাতিল করল আমেরিকা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৩৭
সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর দেশটিতে থাকা মার্কিন মিশনগুলোতে সব কনস্যুলার সেবা বাতিল করা হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) রিয়াদের মার্কিন দূতাবাস এ ঘোষণা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দূতাবাসের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘আজ মঙ্গলবার নির্ধারিত সব নিয়মিত ও জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। পাশাপাশি জেদ্দা, রিয়াদ ও দাহরানসহ বিভিন্ন মিশনে ‘নিরাপদ অবস্থানে থাকার’ নির্দেশনা কার্যকর রয়েছে।
দূতাবাসে হামলার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। আমেরিকার সকল নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।
এর আগে মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে ভবনটিতে সামান্য আগুন ধরে যায় এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়। এর কয়েক ঘণ্টা পরই সৌদি আরবে মার্কিন মিশনগুলোতে সেবা বন্ধ রাখার ঘোষণা দেয়া হলো।
এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খুব শিগগির বড় ধরনের ‘পাল্টা পদক্ষেপ’ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ হামলার জবাবে ওয়াশিংটন কী করতে যাচ্ছে, তা ‘আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন’।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) আমেরিকা ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
ইউডি/এআর

