তারেক রহমানের বিরুদ্ধে ইসলামের দুশমনরা ষড়যন্ত্র করছে: ধর্মমন্ত্রী
উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ মার্চ, ২০২৬, আপডেট ১৯:১০
‘তারেক রহমানের বিরুদ্ধে ইসলামের দুশমনরা প্রচুর ষড়যন্ত্র করতেছে, যাতে উনি কোনো ভালো কাজ না করতে পারেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবিতে) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্ৰতিযোগিতা- ২০২৬’ (সিজন ২) এর সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, বাংলাদেশে ইসলামের ধারক-বাহক জিয়াউর রহমান সাহেব। সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লিখেছেন জিয়াউর রহমান।
তিনি মধ্যপ্রাচ্যের সঙ্গে সুসম্পর্ক করেছেন। এই সুসম্পর্ককে কন্টিনিউ (অব্যাহত রাখা) করেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
তিনি বলেন, খালেদা জিয়ার আলেমদের প্রতি এমন একটা সম্পর্ক ছিল… উনি আলেমদেরকে মূল্যায়ন করেছেন।
২০০৯ সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে রোজার মাসে হাদিয়া পাঠিয়েছিলেন। নামাজের মোসাল্লা (জায়নামাজ) , খেজুর এবং আতর সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে পাঠিয়েছিলেন।তারেক রহমানের বিরুদ্ধে ইসলামের দুশমনরা প্রচুর ষড়যন্ত্র করতেছে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহপাক যেন উনাকে (তারেক রহমান) হেফাজত করেন।
কারণ উনার (তারেক রহমান) বিরুদ্ধে ইসলামের দুশমনরা প্রচুর ষড়যন্ত্র করতেছে যাতে করে উনি কোনো ভালো কাজ না করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব আল্লামা মুফতি আবদুল মালেক।
তিনি বলেন, এখানে যে সহিহ শুদ্ধ তেলাওয়াত, তাজবিদসহ সুন্দর তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে, এটার জন্য আমি খুব আনন্দিত।তিনি আরও বলেন, কোরআনুল কারীমের মজলিসের যত আদব ওসব রক্ষা করা জরুরি।
সেজন্য আমি অনুরোধ করব, এ ধরনের মজলিসের উসুল, আদব, নিয়ম-কানুন আমরা ভালোভাবে আগে থেকেই জেনে নিব।এ ছাড়া সভাপতির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিগত সাড়ে ১৫ বছর আমরা পারিনি, আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত ছিলাম।
কিন্তু যখনই ছাত্রদল সেই সুযোগ পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাই নয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ যতগুলো শিক্ষার্থী বান্ধব এবং পলিসি মেকিংয়ের জন্যে যতগুলো কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন আমরা চেষ্টা করেছি।
অনুষ্ঠানের আরও বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ অন্যান্য নেতারা।
ইউডি/এআর

