বইমেলায় অষ্টম দিনে এলো ৮০ নতুন বই

বইমেলায় অষ্টম দিনে এলো ৮০ নতুন বই

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, আপডেট ১৯:৫০

অমর একুশে বইমেলার আজ অষ্টম দিন। আজ ৮০টি নতুন বই প্রকাশিত হয়েছে। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো ৪৯৮টিতে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলার অষ্টম দিনে নতুন বই এসেছে ৮০টি। এর মধ্যে গল্প ১১, উপন্যাস ১০টি, প্রবন্ধ ৪, কবিতা ২৫, গবেষণা ২, শিশুসাহিত্য ৫, রচনাবলি ১, মুক্তিযুদ্ধ ৩, নাটক ১, বিজ্ঞান ২, ভ্রমণ ২, ইতিহাস ২, রাজনীতি ১, রম্য ১, ধর্মীয় ১, অনুবাদ ২, সায়েন্স ফিকশন ১ ও অন্যন্য ৩টি।

আগামীকালের মেলার সময়সূচি ও কার্যক্রম:

আগামীকাল শুক্রবার অমর একুশে বইমেলার নবম দিন।

মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। সকাল ১০টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: এস. ওয়াজেদ আলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আবু হেনা মোস্তফা এনাম। আলোচনায় অংশগ্রহণ করবেন ইকতিয়ার চৌধুরী এবং কুদরত-ই-হুদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সৈয়দ আকরম হোসেন।আজ যা হয়েছে বইমেলায়:আজ বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয়েছে আহমদ শরীফ স্মরণ আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রাজীব সরকার।

আলোচনায় অংশগ্রহণ করেন মোরশেদ শফিউল হাসান এবং আফজালুল বাসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী।প্রাবন্ধিক বলেন, শিক্ষক, গবেষক, প্রাবন্ধিক ও সমাজ রূপান্তরকামী বুদ্ধিজীবীর বহুমাত্রিক পরিচয়ে ভূষিত আহমদ শরীফ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি চিন্তাবিদ।

রেনেসাঁর প্রতি তার ছিল গভীর অনুরাগ। আহমদ শরীফের ইহজাগতিক জীবনদর্শনের মূলে কাজ করেছে রেনেসাঁস চেতনা। মানুষের কল্যাণ সাধনই ছিল তার ব্রত। মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্তবুদ্ধির অবিচল অনুশীলন করেছিলেন তিনি। এজন্য স্বাধীন মতপ্রকাশ করা থেকে নিজে কখনো বিরত থাকেননি।

আহমদ শরীফের জীবন ও কর্ম পর্যালোচনা করলে যুুক্তিবাদ, মুক্তচিন্তা, মানবমুখিনতা, বিজ্ঞানমনস্কতা ও আধুনিকতার উজ্জ্বল সম্মিলন দৃশ্যমান হয়।আলোচকরা বলেন, বিংশ শতাব্দীর একজন আধুনিক ও বিজ্ঞানমনস্ক মানুষ ছিলেন অধ্যাপক আহমদ শরীফ। তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগ নিয়ে মৌলিকভাবে গবেষণা করেছেন।

গভীর অনুসন্ধিৎসা ও জ্ঞানতৃষ্ণা ছিল তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। জ্ঞানের আড়ষ্টতা ছাড়িয়ে জ্ঞানের গতিশীলতার প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ করিয়েছেন তিনি।

বস্তুবাদী ও বাস্তব দৃষ্টিভঙ্গিসম্পন্ন আহমদ শরীফ সমাজ ব্যবস্থায় বিপ্লব ঘটানোর মাধ্যমে সাধারণ মানুষের মুক্তির স্বপ্ন দেখেছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading