পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শিগগির ফুয়েল লোড করে পরীক্ষামূলক উৎপাদন
উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ মার্চ, ২০২৬, আপডেট ০৯:২০
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে খুব শিগগিরই ফুয়েল লোডিং সম্পন্ন হবে। প্রকল্পটির একটি সূত্র জানিয়েছে, এর পরই পরীক্ষামূলকভাবে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। তবে এর আগে বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে। ধারণা করা হচ্ছে, এ বছরের দ্বিতীয়ার্ধে কেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনা শুরু হবে।
এদিকে গতকাল রবিবার রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। পরিদর্শনকালে মন্ত্রী এবং উপদেষ্টাকে রূপপুরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান প্রকল্প পরিচালক ড. কবির হোসেন। বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য গঠিত কোম্পানি এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত প্রযুক্তিনির্ভর এই কেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত হবে। সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করছে। নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।
উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বড় প্রকৌশল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক। এসব চ্যালেঞ্জকে দক্ষতার সঙ্গে মোকাবিলা করে ঝুঁকি কমিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে।
রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন বলেন, বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে রাশিয়ান ফেডারেশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার বিশেষজ্ঞদের নিষ্ঠা ও পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সম্পূর্ণভাবে বাংলাদেশের মালিকানায় পরিচালিত হবে।
ইউডি/কেএস

