অ্যাতলেটিকোর মাঠে বিধ্বস্ত টটেনহাম, ১৭ মিনিটেই কিপার পরিবর্তন

অ্যাতলেটিকোর মাঠে বিধ্বস্ত টটেনহাম, ১৭ মিনিটেই কিপার পরিবর্তন

উত্তরদক্ষিণ। বুধবার, ১১ মার্চ, ২০২৬, আপডেট ১২:০০

টটেনহাম হটস্পারের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান প্রায় শেষের পথে। আন্তোয়ান কিনস্কির ভুলভ্রান্তিতে ভরা পারফরম্যান্সের কারণেই মূলত অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ৫-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে তারা। তাতে চাপ আরও বাড়ল স্পার কোচ ইগোর টিউডরের ওপর।

টিউডর ইঙ্গিত দিয়েছিলেন, প্রিমিয়ার লিগে টিকে থাকাকে বেশি গুরুত্ব দিতে পারেন এবং শেষ ষোলোর প্রথম লেগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। কিন্তু ২২ বছর বয়সী গোলকিপার কিনস্কিকে খেলানোর সিদ্ধান্ত ছিল বিপর্যয়কর।

অক্টোবরের পর প্রথম ম্যাচ খেলতে নেমে কিনস্কির ভুল ক্লিয়ারেন্স মার্কোস লরেন্তের ষষ্ঠ মিনিটের প্রথম গোলে বড় ভূমিকা রাখে। তারপর মিকি ফন দে ফেন পিছলে পড়লে আন্তোয়ান গ্রিয়েজমানকে ১৪ মিনিটে ২-০ করার সুযোগ দেন। আর এই বাজে শুরু শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

৯২ সেকেন্ড পর যা হয়েছে, তা আগের ভুলগুলোকে ছাপিয়ে গেছে। ফন দে ফেন ব্যাকপাস দেন কিনস্কিকে। তারপর চেক গোলকিপারের আরেক দিগভ্রান্ত পাসে ১৫তম মিনিটে জুলিয়ান আলভারেজ যেন হেঁটেই জালে বল ঠেলে দেন। ক্লাবের হয়ে ১৩তম ম্যাচে ভয়াবহ পরিস্থিতির শিকার হওয়া এই তরুণ বিধ্বস্ত গোলকিপারকে ১৭ মিনিটে মাঠ থেকে তুলে নেন টিউডর। গুগলিয়েলমো ভিকারিও তার বদলি হন। শুরুতে সারের একটি আত্মঘাতী গোল থেকে দলকে বাঁচান তিনি।

কিন্তু ২২ মিনিটে রবিন লে নরমান্দের হেডে স্পাররা ৪-০ গোলে পিছিয়ে পড়ে। তারপর তারা কিছুটা লড়াই করার মানসিকতা দেখায়। দ্বিতীয়ার্ধের শুরুতে আলভারেজের দ্বিতীয় গোলের আগে-পরে পেদ্রো পোরো ও ডমিনিক সোলাঙ্কে স্পারদের ব্যবধান কমান।

এদিন মাদ্রিদে টটেনহামের খেলা দেখতে এসেছিলেন সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো। গান গেয়ে তাকে স্বাগত জনানা স্পার ভক্ত-সমর্থকরা। কিন্তু আগের ক্লাবকে বিধ্বস্ত হতে দেখলেন আর্জেন্টাইন কোচ। আর টানা চতুর্থ হারে ২৯ দিনেই বিদায়ের ঘণ্টা শুনতে শুরু করেছেন ক্রোয়েশিয় কোচ টিউডর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading