সিলেটে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার
উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ মার্চ, ২০২৬, আপডেট ১৬:০০
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ৯।
শনিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভোরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব,এই বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন আব্দুল হান্নান ও আলমগীর। তারা দুজনেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার খাসিয়া খাওড় এলাকার বাসিন্দা।
এদিকে র্যাব জানায়, ভিকটিম গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এলাকার বাসিন্দা। গার্মেন্টসে কাজের উদ্দেশ্যে ঢাকায় এসে এক নারীর সঙ্গে পরিচয় হলে ওই নারী তাকে ভারতে ভালো চাকরির প্রলোভন দিলে গেল বছরের ১১ অক্টোবর তাকে সিলেটে এনে মানবপাচার চক্রের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পরে একটি প্রাইভেটকারে করে ভিকটিমসহ আরও তিন নারীকে জাফলং এলাকায় নিয়ে গিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করানো হয়। ভারতে প্রবেশের পরদিন রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে।
আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে ১৩ অক্টোবর তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর কাছে হস্তান্তর করে।এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব ৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে অভিযানে নামলে শনিবার ভোরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয় র্যাব ৯।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান,গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকার কথ ও জানিয়েছে র্যাব।
ইউডি/এআর

