মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
উত্তরদক্ষিণ। রবিবার (২২ মার্চ) ২০২৬, আপডেট ২১:০০
মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, ‘বর্তমান সময় কঠিন সময়, সেটি আমাদের স্বীকার করতে হবে। অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা আমরা দায়িত্ব নিয়েছি, এর মধ্যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুরু হলো। এতে অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরও বাড়তে থাকবে।’
রবিবার সকালে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ–পরবর্তী মতবিনিময়ের সময় এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য।
বর্তমান সরকার জ্বালানি নিরাপত্তার বিষয়ে খুবই সজাগ এবং জ্বালানি কেনা অব্যাহত আছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানির অভাবে যাতে মিল-কারখানা, বিদ্যুৎ খাত বাধাগ্রস্ত না হয়, সে জন্য ভালো ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে। এখনো মোটামুটি স্থিতিশীল আছে। এই ধারা অব্যাহত রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে যুদ্ধ যদি বেশি দিন অব্যাহত থাকে, তাহলে চাপ বাড়তে থাকবে।
এই চাপ বাড়তে থাকলে তা শেষ পর্যন্ত জনগণের ওপর আসবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যেভাবে বিশ্বব্যাপী আসছে, সেটা বাংলাদেশেও আসবে। আমরা এখনো যেমন তেলের মূল্যবৃদ্ধি করিনি, দ্রব্যমূল্য বৃদ্ধি করিনি, বাসভাড়া বৃদ্ধি করিনি। মোটামুটি ব্যবস্থাপনার মাধ্যমে ধরে রাখার জন্য চেষ্টা করছি। এখন জনগণের সহযোগিতা ও সমর্থন লাগবে। সংযমের মাধ্যমেই মোকাবিলা করতে হবে।’
ইউডি/এবি

