হাদির-হত্যার বিচারসহ ৬ দাবি জানাল মঞ্চ-২৪
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৩০
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাসহ ৬ দফা দাবি জানিয়েছে মঞ্চ-২৪।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মঞ্চ-২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী এসব দাবি পেশ করেন। এ সময় মঞ্চ-২৪ এর উপদেষ্টা লে. কর্ণেল ফেরদৌস আজিজ বলেন, হাদী হত্যার পর আসামিদের সীমান্ত পার হওয়া নিয়ে যে তথ্য দেওয়া হয়েছিল, তা ছিল একটি সাজানো ‘নাটক’। বর্তমান সরকারের সময় এই হত্যাকাণ্ড সংঘটিত না হলেও আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দায়ভার তাদের ওপরেই বর্তায়।
এছাড়া তিনি বর্তমান প্রশাসনের এক মাসের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের কৃত্রিম সংকট এবং পরিবহন খাতের বিশৃঙ্খলার কথা উল্লেখ করে কর্ণেল ফেরদৌস আজিজ বলেন, জুলাই বিপ্লবের ত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগ যেন দালালদের কারণে নষ্ট না হয়।
একই সঙ্গে শহীদ আবু সাঈদ ও ওয়াসিমদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে উত্থাপন করা ৬ দফা দাবি হলো-
১. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
২. হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ডদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। অবিলম্বে একটি নিরপেক্ষ উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে।
৩. আসামিরা কীভাবে সীমান্ত অতিক্রম করেছে, কারা তাদের সহযোগিতা করেছে- তা তদন্ত করে সংশ্লিষ্টদের নাম প্রকাশ ও গ্রেপ্তার করতে হবে।
৪. ভারতে এলআইএপিএ আইনের কারণে বিচার প্রক্রিয়া যেন বিলম্বিত না হয়, সেজন্য একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন করতে হবে। যা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে এবং জনগণকে নিয়মিত অবহিত করবে।
৫. ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা করতে হবে; অন্যথায় মঞ্চ২৪ ঢাকাসহ সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
৬. সড়ক ও নৌপথে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে; অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ পরিবহন আন্দোলন গড়ে তোলা হবে।
ইউডি/এআর

