সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বিরোধীদল

সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বিরোধীদল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ১৯:২০

বাংলাদেশের নির্বাচনব্যবস্থা ও সংসদীয় কাঠামো সংস্কারের বিষয়ে আলোচনা হলেও সরকারকে ঘিরে গুরুতর অভিযোগ তুলেছে বিরোধীদল জামায়াতে ইসলামী। তাদের দাবি, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার প্রত্যাশিত উদ্যোগ নিচ্ছে না, বরং গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের মতো পদক্ষেপ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীত পথে হাঁটছে। পাশাপাশি সংসদের বিভিন্ন কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব নিশ্চিত না হওয়ায় সংসদীয় গণতন্ত্র কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ করেছে দলটি।

আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশ-এর সঙ্গে সংগঠনটির মতবিনিময় সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ তুলে ধরে দলটি। সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। মতবিনিময় সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়।

বৈঠককালে উভয়পক্ষ বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে অধিকতর কার্যকর ও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ভবিষ্যতে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে সম্মিলিতভাবে ভূমিকা রাখার বিষয়ে তারা মত প্রকাশ করেন।

সংসদকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর করার আহ্বানমতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাইফুল আলম খান মিলন এমপি বলেন, জুলাই আন্দোলনের পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদকে ভিন্নধর্মী ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর করতে হবে। তিনি বলেন, সংসদই হবে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র, যেখানে সরকার ও বিরোধী দল সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি জানান, সংসদের কার্যপ্রণালী বিধি (রুলস অব প্রসিডিউর) পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে এবং এ বিষয়ে উভয় পক্ষ মতামত দিয়েছে। আলোচনার ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করবে প্রতিনিধিদল।

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের ভূমিকা নিয়ে অভিযোগ

সাইফুল আলম খান মিলন এমপি বলেন, সংসদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন। কিন্তু সরকার এ বিষয়ে প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

একইসঙ্গে তিনি বলেন, সরকার গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে, যা উদ্বেগজনক।

এছাড়া সংসদের বিভিন্ন কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব নিশ্চিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের ওপর নির্ভরতা নিয়ে উদ্বেগপ্রশ্নোত্তর ও প্রস্তাব উপস্থাপনের ক্ষেত্রে সরকারি দলের ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে একটি সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

এমপিদের দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়াতে প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান তিনি।তিনি বলেন, আলোচনার ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি হবে এবং এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদকে আরও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট শিশির মো. মনির এবং জামায়াত নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading