নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ মার্চ, ২০২৬, আপডেট ১৮:০০

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে তিনটি নৌকাসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

শনিবার (২৮ মার্চ) সকালে শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

আটক হওয়া জেলেরা হলেন মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহমদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক এবং মো. জাবের মিয়া (২৪)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝের পাড়া ও ডাঙ্গর পাড়ার বাসিন্দা।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, ভোরে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে ধাওয়া করে এবং অস্ত্রের মুখে জেলেদের নৌকাগুলোসহ ধরে নিয়ে যায়। নিয়মিত এ ধরনের ঘটনার ফলে নাফ নদী ও সাগরে মাছ ধরা এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ‘ভোর ৪টার দিকে কয়েকটি নৌকা মাছ ধরতে যায়। সকাল ৭টার দিকে আরাকান আর্মির সদস্যরা তাদের ধাওয়া করে তিনটি নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় জেলে ও নৌকা মালিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। এখনো জেলে পরিবার বা নৌকা মালিকদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় জেলে সমিতি ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সূত্রে জানা গেছে, গত দেড় বছরে সীমান্ত লঙ্ঘনের অভিযোগে অন্তত ৪০০-এর বেশি জেলেকে বিভিন্ন সময় ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে বিজিবির তৎপরতায় প্রায় আড়াই শতাধিক জেলেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলে দেশে ফেরেন। বিভিন্ন দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি ট্রলার ফেরত এলেও এখনো ১৭২ জন জেলে এবং ৩২টি ট্রলার মিয়ানমারের রাখাইন রাজ্যে আটক রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading