হাম নিয়ন্ত্রণে নিতে সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু
উত্তরদক্ষিণ। বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:৫২
হাম নিয়ন্ত্রণে নিতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহী দায়রা জজ আদালত-৩ এর একটি হত্যা মামলায় হাজিরা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হামের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীকে ব্যাখ্যা দিতে হয়েছে। সেসময় সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।’
রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হয়েছে। সেই হয়রানি থেকে ছোট বড় কেউ নিস্তার পায়নি। আজ যে মামলায় তিনি হাজিরা দিলেন সেটি ২০০৪ সালে বাগমারার থানায় দায়ের করা একটি হত্যা মামলা।’
দুলু অভিযোগ করেন, ‘২০০৪ সালে হত্যাকাণ্ডে মামলা হলেও তাকে হয়রানির করার জন্য ওয়ান ইলেভেনের কুশিলবরা ২০০৭ সালে আসামি করেন। এরপর উচ্চ আদালতে মামলাটি স্থগিত ছিলো। সম্প্রতি জেলা দায়রা জজ আদালতে মামলার কার্যক্রম শুরু হলে সাক্ষ্যগ্রহণ শেষে আজ যুক্তিতর্ক উপস্থাপিত হয়।’
জাতীয় সংসদের হুইপ জানান, ‘আগামী ৭ এপ্রিল মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আদালতের বিচারক শামসুল আলামিন। এই মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের ৫৬ নেতাকর্মী আসামি হিসেবে অভিযুক্ত। এ সময় তিনি আদালতের কাছে ন্যায় বিচার দাবি করেন।’
ইউডি/কেএস

