এমন পোপ চাই না যিনি ইরানের পরমাণু অস্ত্র সমর্থন করেন: ট্রাম্প

এমন পোপ চাই না যিনি ইরানের পরমাণু অস্ত্র সমর্থন করেন: ট্রাম্প

উত্তরদক্ষিণ। সোমবার (১৩ এপ্রিল) ২০২৬, আপডেট ১২:৩৬

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিও চতুর্দশের তীব্র সমালোচনা করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি দীর্ঘ পোস্টে ও পরবর্তীতে সাংবাদিকদের সামনে দেওয়া বক্তব্যে তিনি পোপকে ‘অপরাধের ক্ষেত্রে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতির জন্য ভয়ংকর’ বলে অভিহিত করেন।

সোমবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জর্ডানের সংবাদমাধ্যম রোয়া নিউজ।

রবিবার (১২ এপ্রিল) ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প ক্যাথলিক চার্চের প্রধানের বিরুদ্ধে মার্কিন স্বার্থবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন, বিশেষ করে পারমাণবিক নীতি ও আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এমন কোনো পোপ চান না ‘যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক আছে’। সেই সঙ্গে তিনি বিদেশের মাটিতে আমেরিকার পদক্ষেপের বিরোধিতা করার জন্য পোপের সমালোচনা করেন।

ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে, পোপের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অতিমাত্রায় বামপন্থিদের সঙ্গে মিলে যায়। তিনি পোপের বিরুদ্ধে ‘উগ্র বামপন্থিদের তোষণ’ করার অভিযোগ আনেন এবং তাকে পরামর্শ দেন যেন তিনি ‘রাজনীতিবিদ না হয়ে একজন মহান পোপ হওয়ার দিকে মনোনিবেশ করেন।’

রবিবার মেরিল্যান্ডের যৌথ সামরিক অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই সমালোচনা আরো বাড়িয়ে বলেন যে, তিনি পোপের ‘খুব একটা ভক্ত নন’।

ট্রাম্প বলেন, “আমি পোপ লিওর খুব একটা ভক্ত নই। তিনি অত্যন্ত উদারপন্থি একজন মানুষ এবং তিনি এমন একজন ব্যক্তি যিনি অপরাধ বন্ধে বিশ্বাস করেন না।” তিনি আর যোগ করেন, “পোপ এমন একটি দেশের (ইরান) সঙ্গে নমনীয় আচরণ করছেন যারা পারমাণবিক অস্ত্র চায়।”

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ৭০ বছর বয়সী আমেরিকান পোপ শান্তির জন্য জনসমক্ষে আবেদন জানানোর একদিন পরই ট্রাম্পের এই মন্তব্যগুলো সামনে এলো। শনিবার দেওয়া বক্তব্যে পোপ লিও বিশ্বনেতাদের প্রতি সহিংসতা বন্ধ এবং সংঘাতের বিস্তার রোধ করার আহ্বান জানিয়েছিলেন।

পোপ তার বক্তব্যে বলেছিলেন, “অহমিকা এবং অর্থের উপাসনা এবার বন্ধ হোক! ক্ষমতার প্রদর্শন বন্ধ হোক! যুদ্ধ বন্ধ হোক!”

এদিকে, সোমবার (১৩ এপ্রিল) ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক কেলি পোপের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রকাশ্য আক্রমণের তীব্র নিন্দা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেন।

কেলি লিখেছেন, “একজন ক্যাথলিক হিসেবে আমি মনে করি এটা অত্যন্ত ঘৃণ্য যে আমেরিকার প্রেসিডেন্ট সেন্ট পিটারের উত্তরসূরিকে (পোপ) এভাবে প্রকাশ্যে আক্রমণ করবেন। ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা। ইরানে তার শুরু করা যুদ্ধের ফলে আমেরিকার সেনাসদস্যদের মৃত্যু ও ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ইরানি শিশুরা প্রাণ হারাচ্ছে।”

কেলি আরও বলেন, ট্রাম্প ‘নিজেকে রক্ষা করার জন্য যে কাউকে বা যেকোনো কিছুকে আক্রমণ করবেন, এমনকি সেই চার্চকেও যা লাখ লাখ আমেরিকানদের প্রতিদিনের বিশ্বাস ও সান্ত্বনার জায়গা।”

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading