নববর্ষ উদযাপনে দিনভর যত উৎসব, শোভাযাত্রা ও কনসার্ট
উত্তরদক্ষিণ। সোমবার (১৩ এপ্রিল) ২০২৬, আপডেট ২১:৩০
পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে রাজধানী ঢাকা ও সারাদেশে দিনভর ব্যাপক সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্যবাহী বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা, লোকজ পরিবেশনা ও কনসার্ট—সব মিলিয়ে এবারের নববর্ষ উদযাপন বহুমাত্রিক উৎসবে রূপ নিয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে রাজধানীর রমনা বটমূল-এ ছায়ানটের পরিবেশনায় বাংলা নববর্ষের সূচনা হবে। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে বের হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
এদিকে বর্ষবরণ পর্ষদের উদ্যোগে ধানমন্ডি এলাকায় আলাদা একটি শোভাযাত্রায় ‘মঙ্গল’ নাম বজায় রেখেই আয়োজন করা হচ্ছে। আয়োজকদের মতে, ‘মঙ্গল’ শব্দটি বাঙালির ঐতিহ্য ও শোভাযাত্রার মূল ভাবধারার অংশ, তাই নাম পরিবর্তন না করে ঐতিহ্য রক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে লোকসংগীত, জারি-সারি, গম্ভীরা, পুঁথিপাঠ, কবিগান ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। পরিবারকেন্দ্রিক আয়োজন হিসেবে হাতিরঝিল এলাকায় দুই দিনব্যাপী উৎসবে লোকসংগীত, আলপনা, কারুশিল্প মেলা ও খাবারের স্টল থাকছে।
জাতীয় পর্যায়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী লোকজ উৎসব ও মেলা চলছে। এখানে ঢাকঢোল, লাঠিখেলা, জারি, সারি, গম্ভীরা, ভাওয়াইয়া, পুঁথিপাঠ, যাত্রাপালা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে অর্কেস্ট্রা, ধামাইল নৃত্য ও যাত্রাপালা মঞ্চস্থ হয়েছে।
দিনের প্রধান আকর্ষণ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান-এ ব্যান্ড কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো অংশ নিচ্ছে। তরুণদের বিপুল অংশগ্রহণকে কেন্দ্র করে এই আয়োজন এবারের বৈশাখের অন্যতম বড় লাইভ মিউজিক ইভেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।
একই দিনে মানিক মিয়া এভিনিউ-এ উন্মুক্ত সংগীতানুষ্ঠানে একাধিক তারকা শিল্পী পারফর্ম করছেন।
নগর তরুণ সংস্কৃতির নতুন ধারা হিসেবে কোর্টসাইড এলাকায় অনুষ্ঠিত হচ্ছে কিউরেটেড সংগীত উৎসব “কার্পে ডিয়েম – লাল বৈশাখী ১৪৩৩”, যেখানে আধুনিক ব্যান্ড ও লোকসংগীত ফিউশনের মিশ্র পরিবেশনা থাকছে।
এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে কোক স্টুডিও বাংলা-এর অংশগ্রহণে লোকসংগীত ও আধুনিক সংগীতের ফিউশন পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে, যা তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রাজধানীর বনানীতে ‘যাত্রা বিরতি’ আয়োজন করছে দুইদিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন ও লোক মেলার। এ আয়োজনে পারফর্ম করবে জয়িতা আফরিন ও সেমন্তী মঞ্জরী। ব্যান্ড হিসেবে পারফর্ম করবে সোনার বাংলা সার্কাস।
পাবনায় শহরের এডওয়ার্ড কলেজ মাঠ-এ সকাল ৯টা থেকে গানের আসর শুরু হয়, যেখানে পারফর্ম করেন জেমস, ইমরান মাহমুদুল ও ঐশী। একই মঞ্চে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন শিল্পীও অংশ নেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আলিফ এবং সরাসরি সম্প্রচার করে মাছরাঙা টেলিভিশন।
রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও দিনভর বৈশাখী সংগীত আয়োজন চলছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পারফর্ম করছে ব্যান্ড চিরকুট, যেখানে তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশিত হবে।
ইউডি/এবি

