অবরুদ্ধ এলাকায় ইরানের জাহাজ গেলেই ডুবিয়ে দেয়া হবে: ট্রাম্প

অবরুদ্ধ এলাকায় ইরানের জাহাজ গেলেই ডুবিয়ে দেয়া হবে: ট্রাম্প

উত্তরদক্ষিণ। সোমবার (১৩ এপ্রিল) ২০২৬, আপডেট ২১:৫০


মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার (১৩ এপ্রিল) ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে আমেরিকার আরোপিত নৌ অবরোধের কাছে কোনো ইরানি জাহাজ এলে তা ডুবিয়ে দেয়া হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়ে গেছে, তবে তাদের ‘ফাস্ট অ্যাটাক শিপ’ এখনো ডুবানো হয়নি।

তিনি সতর্ক করে বলেন, এসব জাহাজ অবরোধের কাছে এলে মার্কিন নৌবাহিনী সমুদ্রে মাদক পাচারকারী নৌকার বিরুদ্ধে ব্যবহৃত একই কৌশল প্রয়োগ করবে। 

ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন,  এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে, তাহলে সঙ্গে সঙ্গে সেগুলো ধ্বংস করা হবে। সমুদ্রে নৌকায় থাকা মাদক পাচারকারীদের বিরুদ্ধে আমরা যে হত্যা পদ্ধতি ব্যবহার করি, ঠিক সেই পদ্ধতিই ব্যবহার করা হবে। এটি দ্রুত এবং নৃশংস।


এর আগে গ্রিনিচ মান সময় সোমবার (১৩ এপ্রিল) ২টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ করা ও ছেড়ে যাওয়া সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয়ার কথা জানায় মার্কিন সামরিক বাহিনী। তাদের দেয়া সেই সময় ইতোমধ্যেই শুরু হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরাকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নৌ অবরোধ আরোপ ও তা বজায় রাখতে সামরিক বাহিনী প্রস্তুত আছে। তবে নিষেধাজ্ঞা লঙ্ঘনের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো নিয়ম নির্ধারণ করা হয়নি।

ওই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ কার্যকর রাখতে মার্কিন বাহিনী ও সরঞ্জাম যথেষ্ট এবং প্রয়োজন অনুযায়ী দীর্ঘ সময় ধরে তা বজায় রাখা সম্ভব। 

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে নাবিকদের কাছে পাঠানো একটি নোট এবং রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মার্কিন সামরিক বাহিনী ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে অবরোধ আরোপ করতে যাচ্ছে এবং এটি পতাকা নির্বিশেষে সকল নৌযানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading