‘আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে’

‘আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে’

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, আপডেট ০৮:৪০

দীর্ঘ এক দশকের অপেক্ষা। অবশেষে ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়াকে আবারও একসঙ্গে দেখা যাবে নতুন একটি নাটকে। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে নিয়মিত জুটি বেঁধে কাজ করলেও মাঝে ১০ বছর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দীর্ঘ বিরতি ভেঙে ফেরার অনুভূতি এবং সহকর্মী তৌসিফের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেছেন স্পর্শিয়া।

স্পর্শিয়া জানান, এই কাজটি তার জন্য অত্যন্ত স্পেশাল। তার কথায়, ‘তৌসিফের সাথে প্রায় ১০ বছর পর আমরা একসঙ্গে সিঙ্গেল নাটক করছি। ও আমার পুরনো বন্ধু, ওর সাথে আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে। মূলত আমাদের ক্যারিয়ার ও প্রফেশনাল লাইফ একসাথেই শুরু হয়েছিল। আমি হয়তো একটু আগে শুরু করি, তারপর ও ব্রেক পায় এবং দারুণ সব কাজ করতে থাকে।’

তৌসিফের অর্জনে নিজের আনন্দের কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এখনো ও খুব ভালো কাজ করছে। আমি যখন দেখি ও মেরিল-প্রথম আলো পুরস্কার পাচ্ছে বা আরও যেকোনো সাকসেস পায়, আমার খুবই ভালো লাগে। যেহেতু আমাদের যাত্রাটা একসাথেই ছিল।’

মাঝখানের দীর্ঘ বিরতি প্রসঙ্গে অন্য সব গুঞ্জন উড়িয়ে দিয়ে স্পর্শিয়া বলেন,‘মাঝখানে আনফরচুনেটলি কাজ করা হয়নি কারণ আমি আসলে অনেকদিন লম্বা সময় নাটকে ছিলাম না। নাটক না করার সাথে সিনেমা করার কোনো সম্পর্ক নেই। এটাই একমাত্র কারণ, অন্য কোনো কারণ নেই।’

২০২৪ সালে নাটকে ফেরার পর ২০২৬-এ এসে তৌসিফের সাথে এই কাজটিকে তিনি ‘স্পেশাল ওয়ার্ক’ হিসেবে অভিহিত করেছেন। স্পর্শিয়ার মতে, সময় গড়ালেও তাদের মধ্যকার সেই পুরনো বোঝাপড়া একটুও বদলায়নি।

তিনি বলেন, ‘মানুষ হিসেবে মনে হয় আমরা দুজনেই একই রকম রয়ে গেছি। কাজের জায়গায় আমরা আগেও যথেষ্ট প্রফেশনাল ছিলাম, এখন আরও প্রফেশনাল হয়েছি। কাজ করতে করতে আমরা আরও শিখি। ও এখন অনেক ভালো অভিনেতা হয়েছে, আর আমিও মনে হয় ভালো অভিনেত্রী হয়েছি আমি জানি না, তবে মনে হয়।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading