ইরান ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রীর ওপর চটলেন আমেরিকার প্রেসিডেন্ট
উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:০০
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্পের দাবি, ইরানের ওপর আক্রমণে আমেরিকার সঙ্গে যোগ না দিয়ে মেলোনি সাহসের অভাব দেখিয়েছেন। খবর আল-জাজিরার।
বুধবার (১৫ এপ্রিল) ইতালীয় সংবাদমাধ্যম করিয়েরে দেল্লা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি তার ওপর মর্মাহত। আমি ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।”
মেলোনির কট্টর ডানপন্থি সরকার ইসরায়েলের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দেওয়ার পরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।
ট্রাম্প বলেন, “জর্জিয়া মেলোনি আমাদের যুদ্ধে সাহায্য করতে চান না। আমি হতবাক। আপনাদের প্রেসিডেন্ট যে (ইরানের) তেল পাওয়ার জন্য কিছু করছেন না, তা কি মানুষ পছন্দ করছে?”
এর আগে, পোপ লিওকে নিয়ে ট্রাম্পের সমালোচনাকে মেলোনি ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছিলেন।
সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে ট্রাম্প ইতালীয় সংবাদমাধ্যমটিকে বলেন, “সে-ই (মেলোনি) আসলে অগ্রহণযোগ্য। কারণ ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে সেটা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই; অথচ সুযোগ পেলে ইরান দুই মিনিটের মধ্যে ইতালিকে উড়িয়ে দেবে।”
ইউডি/রেজা

