হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
উত্তরদক্ষিণ। বুধবার (০৩ জুন) ২০২৬, আপডেট ২৩:৫০
হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার দুপুরে কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়। খেলায় ব্রাজিল সমর্থকদের দল ২-০ গোলে পরাজিত হওয়ার পর ধারাভাষ্যকারের মাইকে দেওয়া একটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ঘটনার জেরে বুধবার দুপুরে দুই পক্ষের লোকজন আবার তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থতি শান্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইউডি/এবি

