নিজামীর ছেলে যোগ দিলেন এনসিপিতে
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৫ মে) ২০২৬, আপডেট ২২:৪০
জামায়াতে ইসলামীর প্রয়াত সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মো. নাদিমুর রহমানসহ অনেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের আনুষ্ঠানিক যোগদানের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএইচ আরিফসহ বিভিন্ন পেশাজীবী এনসিপিতে যোগ দেন। এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর নেতারাও দলটিতে শামিল হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী।
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, বিএনপির বর্তমান রাজনীতিতে অসন্তোষ বাড়ছে, যা তাদের নতুন প্রজন্মের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। বিএনপির অনেক বড় নেতার সন্তানরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও জানাচ্ছেন, তাদের কাছে বর্তমান রাজনীতি গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে তাদের কাউকে কাউকে এনসিপিতে দেখা যেতে পারে।
ইউডি/এবি

