শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে শায়িত হবেন নাট্যজন আতাউর রহমান

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে শায়িত হবেন নাট্যজন আতাউর রহমান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ মে, ২০২৬, আপডেট ১৪:২৫

দেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বরেণ্য অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমানের মরদেহ আজ (১২ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

অভিনয়শিল্পী সংঘ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহীদ মিনারে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। এর আগে রাজধানীর মগবাজারে তার নিজ বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

সোমবার (১১ মে) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতাউর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মে, বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। এরপর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় চিকিৎসা সহায়তায় রাখা হয়। শেষ পর্যন্ত জীবনযুদ্ধ থামিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব।

বাংলাদেশের নাট্যাঙ্গনে আতাউর রহমান ছিলেন এক উজ্জ্বল নাম। অভিনয়, নাট্যরচনা ও নির্দেশনায় অসামান্য অবদানের জন্য তিনি অর্জন করেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ বহু সম্মাননা। মঞ্চনাটকের বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলনে তার অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী, শিল্পী, শুভানুধ্যায়ী ও ভক্তরা স্মরণ করছেন বাংলা নাটকের এক নিবেদিতপ্রাণ অভিভাবককে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading