বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য কুমিল্লাবাসীকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য কুমিল্লাবাসীকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ মে, ২০২৬, আপডেট ১৬:৫৫

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনদাবি তৈরি হলে কুমিল্লাকে বিভাগে উন্নীত করা হবে। একই সঙ্গে কৃষিনির্ভর এই অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও সরকারের রয়েছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে কুমিল্লাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগ রয়েছে। তিনি বলেন, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বহু মানুষ শহীদ হয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর রহমতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৬–১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং সরকারের বিরুদ্ধে কথা বললে গুম, খুন ও মামলার শিকার হতে হতো। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের পরও দেশ একসময় স্বৈরাচারের কবলে পড়েছিল। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ আবারও মুক্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

দেশ পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, নারীর স্বাবলম্বিতা, কৃষকের উন্নয়ন, শিল্পকারখানা সচল রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার কাজ করছে।

তিনি বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই জনগণ আমাদের নির্বাচিত করেছে। বিএনপি অতীতে জনগণের সঙ্গে করা ওয়াদা রক্ষা করেছে, ইনশাআল্লাহ এবারও ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম ইতোমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে শুরু হয়েছে।

পথসভায় কৃষিমন্ত্রী আমির উর রশীদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লাসহ বিএনপির জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে রওনা হন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading