আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেফতার
উত্তরদক্ষিণ। শনিবার (১৬ মে) ২০২৬, আপডেট ২৩:০০
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ অগাস্ট পদত্যাগ করেন অধ্যাপক রশীদ । তিনি জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
গত ৯ এপ্রিল ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি হলেন-রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই-সশস্ত্র) মো. আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।
ইউডি/এবি

