কক্সবাজারে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৫
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ মে, ২০২৬, আপডেট ১৩:৪৫
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। পৃথক পাঁচটি অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে তিনটি সিএনজিচালিত অটোরিকশা।
শুক্রবার (২২ মে) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান।
আটকরা হলেন- টেকনাফের সাবরাং করাছি পাড়ার রশিদ আহমদের ছেলে ইসমাইল (৪৫), মিনাবাজার এলাকার আব্দু শুক্কুরের ছেলে মো. সোহেল (২৬), হোয়াইক্যং কাটাখালী এলাকার দুদু মিয়ার ছেলে মাসুক উল্লাহ (৩৬) ও আবু তাহেরের ছেলে মহি উদ্দিন (২০)।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বুধবার (২১ মে) পরিচালিত এসব অভিযানে মোট ১ লাখ ৪৪ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত যানবাহনের আনুমানিক মূল্য ৪ কোটি ৪৯ লাখ ৭০ হাজার ৯০০ টাকা।
তিনি জানান, পালংখালী বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিসহ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একইদিনে হোয়াইক্যং চেকপোস্ট পৃথক দুটি অভিযানে দুই আসামি ও দুটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
শীলখালী চেকপোস্টের অভিযানে একজন আসামি ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৪ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া, বালুখালী বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় আরো ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
বিজিবির এই কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণেও কঠোর অবস্থানে রয়েছে।
ইউডি/কেএস

