গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
উত্তরদক্ষিণ। সোমবার (২৫ মে) ২০২৬, আপডেট ১৯:১০
গাজীপুরের শিল্প-কারখানাগুলো ছুটি শুরু হয়েছে। ছুটে পেয়েই কর্মজীবীরা ছুটছেন গ্রামে। গাজীপুরের দুই মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। ফলে আজ সোমবার বিকেল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার সকাল হতে মহাসড়কে যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। এরমধ্যে বৃষ্টি শুরু হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর সঙ্গে দুপুরের দিকে কিছু কারখানা ছুটি শুরু হলে বিকেলে যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কড্ডা হতে চন্দ্রা পর্যন্ত ১০ কিলোমিটার ও চন্দ্রা নবীনগর মহাসড়কের কবিরপুর পর্যন্ত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর ছাড়াও সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ থেকে যাত্রীরা গাজীপুর হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গে ফিরছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, বোর্ডবাজার, ভোগরা, চৌরাস্তা, রাজেন্দ্রপুর ও মাওনা এলাকায় যাত্রীদের চাপ সবচেয়ে বেশি। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, সফিপুর, পল্লিবিদুৎ, চন্দ্রা, খাড়াজোড়া, বাইমাইল এলাকায় যাত্রীদের চাপ বেশি। অতিরিক্ত যাত্রীদের চাপে বিকেল সাড়ে ৪টার দিকে এ যানজটের সৃষ্টি হয়।
ইউডি/এবি

