ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়া নিয়ে ভাঙ্গায় ফের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়া নিয়ে ভাঙ্গায় ফের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ মে, ২০২৬, আপডেট ১৫:০

ফরিদপুরের ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় একই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে টিকটকার আকরাম শেখ চুমুরদী ইউনিয়ন পরিষদে গিয়ে অভিযোগ করেন, ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিতরণকৃত চাল ইউপি চেয়ারম্যান সোহাগ মোল্লা আত্মসাৎ করেছেন; এমন একটি ভিডিও করে তিনি ফেসবুকে প্রচার করেন।

ইউপি চেয়ারম্যান সোহাগ মোল্লার বাড়ি এবং টিকটকার আকরাম শেখের বাড়ি একই গ্রাম বাবনাতলা। বিষয়টি না জেনে ভিডিও আপলোড করায় ইউপি চেয়ারম্যান আকরামের ওপর ক্ষুব্ধ হন। এর জেরে শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বাবনাতলা বাসস্ট্যান্ডে টিকটকার আকরামের সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভাই চন্দন মোল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে টিকটকার আকরাম শেখের পক্ষের মাতুব্বর শাহাবুদ্দিন মোল্লার লোকজন এবং চেয়ারম্যানের ভাই চন্দন মোল্লার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আজ শনিবার সকালে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading