শাহজালালে ১৫০ হজযাত্রীর লাগেজ কেটে চুরির অভিযোগ সত্য নয়: বিমান প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, আপডেট ১৪:৪৫
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজীদের ১৫০টি লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির দাবি সত্য নয়। তদন্তে এ ধরনের কোন ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই দাবি করেন।
তিনি বলেন, ওই ফ্লাইটে ক্ষতিগ্রস্ত ২১টি লাগেজ পাওয়া গেছে। যেগুলো সৌদি আরবে চেকিংয়ের সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে জানতে সৌদি সরকারকে চিঠি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ৩টায় সৌদি আরবের জেদ্দা থেকে আসা একটি হজ ফ্লাইটে প্রায় দেড়শ’ যাত্রীর লাগেজ কাটা এবং যাত্রীদের মূল্যবান জিনিসপত্র চুরি সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এরপর ঘটনা তদন্তে নামে সরকার। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ, গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের বডি-ক্যামেরার ভিডিও পর্যালোচনা করা হয়৷
সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন বিমান প্রতিমন্ত্রী। তিনি জানান, সৌদি ফেরত ওই হজ্জ ফ্লাইটে মোট ৮৩৬ টি লাগেজ ছিলো। এরমধ্যে ২১ টি লাগেজ ক্ষতিগ্রস্ত পাওয়া যায়। ৩-৪ টি লাগেজ কাটা ছিলো। সরকারি তদন্তে শাহজালাল বিমানবন্দরে লাগেজ কাটার কোন প্রমাণ মেলেনি।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, লাগেজগুলো সৌদি আরবে চেকিংয়ের সময় কাটা হয়ে থাকতে পারে। এ বিষয়ে জানতে সৌদি সরকারকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান রশিদুজ্জামান মিল্লাত।
এসময় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে জুলাইয়ের মধ্যে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের চুক্তি সম্পন্ন হবে।
বর্তমানে বিমানের জন্য ৪৬টি উড়োজাহাজ প্রয়োজন রয়েছে। তার বিপরীতে ২.১৭ বিলিয়ন ডলার ব্যয়ে বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনা হচ্ছে। যার প্রথমটি ২০৩১ সালে বিমানের বহরে যুক্ত হবে।
ইউডি/কেএস

