বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন ৩ কমিশনার
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, আপডেট ১৫:৫১
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও চার কমিশনারের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান।
একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান, মো. নাফিজ আল তারিক। যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাদেরকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পুঁজিবাজার-১ শাখা উপ সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।
মাসুদ খান ২০১৯ সালের এপ্রিল থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পাশাপাশি ক্রাউন সিমেন্ট গ্রুপের বোর্ডে প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাসুদ খানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। তাঁর বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।
অন্যদিকে, তিন কমিশনার হিসেবে নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাফিজ-আল-তারিক নিয়োগ পেয়েছেন। তাদেরকেও অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চার বছরের জন্য কমিশনের কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।
তাদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হওয়া খন্দকার রাশেদ মাকসুদ বৃহস্পতিবার সকালে পদত্যাগ করেন। একইদিন চার কমিশনারও দায়িত্ব থেকে ইস্তফা দেন।
তাদের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই মাসুদ খানকে চেয়ারম্যান এবং তিনজনকে কমিশনারের দায়িত্ব দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
ইউডি/কেএস

