সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ জুন, ২০২৬, আপডেট ১১:৩০

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী থেকে আব্দুস সাত্তার নামের এক জেলের জালে বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরা পড়েছে।

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের শেখবাড়ি এলাকার ওই জেলে খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় তার জালে কচ্ছপটি ধরা পড়ে। পরে তিনি সেটি নিজের বাড়িতে নিয়ে রাখলে কয়েকজন যুবক ওই জেলের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে দুপুরে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়রা জানান, বিরল প্রজাতির কচ্ছপটি এক জেলের জালে ধরা পড়ার পর পুরো এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে কয়েকজন যুবক ওই জেলের বাড়িতে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন। পরে সিপিজি (কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ) সদস্যদের মাধ্যমে কচ্ছপটি বন বিভাগের কলাগাছিয়া স্টেশনে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন আনুমানিক প্রায় ১০ কেজি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফাঁড়ির স্টেশন কর্মকর্তা (এসও) সাইফুল ইসলাম জানান, স্থানীয় গ্রামবাসী কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। কচ্ছপটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। তবে এটি কোন প্রজাতির, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, সুন্দরবনের নদ-নদীতে বিভিন্ন প্রজাতির বিরল ও বিলুপ্তপ্রায় জলজ প্রাণীর বিচরণ রয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এসব প্রাণী ধরা পড়লে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি তিনি আহ্বান জানান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading