পুঁজিবাজারে আস্থা ফেরাতে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ

পুঁজিবাজারে আস্থা ফেরাতে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ জুন, ২০২৬, আপডেট ১৩:৩০

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির মতে, পুঁজিবাজার উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাজেটে নেওয়া সংস্কারমূলক উদ্যোগগুলো দেশের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক।

শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে দেশের অর্থনীতি পুনর্গঠন, পুঁজিবাজার সংস্কার এবং বিনিয়োগ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি।

সাইফুল ইসলাম বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও শিল্পায়নের জন্য একটি শক্তিশালী, স্বচ্ছ ও আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলার যে অঙ্গীকার বাজেটে প্রতিফলিত হয়েছে, তা দেশের পুঁজিবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে।

তিনি বলেন, পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার নীতিগত ঘোষণা, নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণ, বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ, বাজারে সুশাসন ও স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিবিএর মতে, বন্ড বাজার সম্প্রসারণ, করপোরেট বন্ড, গ্রিন বন্ড, সুকুক ও মিউচুয়াল ফান্ডের উন্নয়ন, সম্ভাবনাময় কোম্পানির তালিকাভুক্তি সহজতর করা এবং তথ্য প্রকাশব্যবস্থাকে আরও ব্যবসাবান্ধব করার উদ্যোগ দেশের পুঁজিবাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সংগঠনটি মনে করে, দীর্ঘদিন ধরে আস্থার সংকট, সীমিত বিনিয়োগপণ্য এবং ব্যাংকনির্ভর অর্থায়নের কারণে পুঁজিবাজার প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। তবে বাজেটে ঘোষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, উদ্যোক্তাদের মূলধন সংগ্রহ সহজ হবে এবং কর্মসংস্থান ও শিল্পায়ন ত্বরান্বিত হবে।

ডিবিএর প্রেসিডেন্ট বলেন, সরকারের ঘোষিত সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের পুঁজিবাজার একটি আধুনিক, গভীরতাসম্পন্ন ও আস্থাভিত্তিক বাজারে পরিণত হবে এবং জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।

এ সময় সরকার, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস, তালিকাভুক্ত কোম্পানি ও বিনিয়োগকারীদের সমন্বিত উদ্যোগে আন্তর্জাতিক মানসম্পন্ন পুঁজিবাজার গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading