মেসিকে ২০৩০ বিশ্বকাপে অংশ নিতে বিশ্বজুড়ে স্বাক্ষর সংগ্রহের প্রস্তাব
উত্তরদক্ষিণ। শুক্রবার (৩১ জুলাই) ২০২৬, আপডেট ২১:১০
বিশ্বকাপ ফাইনাল শেষে কোনো ঘোষণা দেননি, তবে আলোচনা আছে যেকোনো সময় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন লিওনেল মেসি। ২০৩০ বিশ্বকাপের এখনো চার বছর বাকি। তখন আর্জেন্টাইন মহাতারকার বয়স হবে ৪৩। তাই পরের বিশ্বকাপে তাকে দেখা যাবে—এমন আশা খুব একটা করছেন না কেউ।
তবে একজন আছেন, যিনি মেসিকে ২০৩০ বিশ্বকাপে দেখতে বিশ্বব্যাপী স্বাক্ষর সংগ্রহের আহ্বান জানিয়েছেন। তিনি আবার কোনো সাধারণ মেসি–ভক্ত নন, বলিভিয়ার হয়ে বিশ্বকাপে খেলা দেশটির কিংবদন্তি ফুটবলার মার্কো এচেভেরি।
আর্জেন্টাইন গণমাধ্যম সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এচেভেরি বলেন, তিনি মেসিকে পরের বিশ্বকাপেও খেলতে দেখতে চান। সেই লক্ষ্যে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষের স্বাক্ষর সংগ্রহ করে তাকে অবসর না নেওয়ার আহ্বান জানানোর প্রস্তাব দিয়েছেন তিনি।
এচেভেরি মনে করেন, মেসিকে এখনই জাতীয় দল ছাড়তে দেওয়া উচিত হবে না, ‘আশা করি, সে অবসর নেবে না। তাকে অবশ্যই পরের বিশ্বকাপে থাকতে হবে।’ ৩৯ বছর বয়সেও সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপে ৮ গোল করেছেন মেসি। তার দল আর্জেন্টিনা খেলেছে ফাইনালে। মেসির এই পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছে জানিয়ে এচেভেরি বলেন, ‘আমার মতে, এটি মেসির খেলা সেরা বিশ্বকাপ। অন্য সব খেলোয়াড়ের তুলনায় সে অনেক এগিয়ে ছিল।’
ইউডি/এবি

