যে একাদশ নিয়ে আলজেরিয়ার বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা

যে একাদশ নিয়ে আলজেরিয়ার বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৬ জুন) ২০২৬, আপডেট ২২:২০

অপেক্ষার পালা শেষ। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল ৭টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ ধরে রাখার মিশনে লিওনেল স্কালোনির দলের আগামীকালের প্রতিপক্ষ আলজেরিয়া। এ ম্যাচে আর্জেন্টিনার একাদশে কারা থাকবেন, কয়েকদিন ধরেই এ নিয়ে আলোচনার শেষ নেই। স্কালোনি এরই মধ্যে শুরুর একাদশ প্রায় চূড়ান্ত করেছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। 

ওই প্রতিবেদন অনুসারে, আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে লিওনেল মেসির খেলা নিশ্চিত হলেও এখনো কয়েকটি জায়গা নিয়ে সংশয়ে আছেন স্কালোনি। 

আর্জেন্টিনা সমর্থকদের জন্য স্বস্তির খবর, শুরুর একাদশে গোলপোস্টের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। সম্প্রতি ইউরোপা লিগের ফাইনালের আগে ডান হাতের অনামিকা আঙুলে চোট পাওয়ায় মার্তিনেজকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে ৩৩ বছর বয়সী গোলকিপার সুস্থ হয়ে উঠেছেন এবং আগামীকাল একাদশে থাকবেন। 

রাইটব্যাক পজিশন নিয়ে কিছুটা সংশয় আছে। গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা দুজনই পেশির চোট কাটিয়ে উঠেছেন। আগামীকালের ম্যাচে একজন শুরু করতে পারেন, তবে ম্যাচের কোনো এক পর্যায়ে অন্যজনকেও মাঠে দেখা যেতে পারে।

সেন্টারব্যাক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর খেলা অনেকটাই নিশ্চিত। একাদশে থাকবেন লিসান্দ্রো মার্তিনেজও। তবে লিসান্দ্রো ঠিক কোন পজিশনে খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। যদি একাদশে নিকোলাস ওটামেন্ডি থাকেন, তাহলে লিসান্দ্রো মার্তিনেজকে লেফট ব্যাকে দেখা যাবে। আর ওতামেন্ডি না থাকলে, লিসান্দ্রো খেলবেন সেন্টারব্যাক হিসেবে, আর লেফট ব্যাকে দেখা যাবে ফাকুন্দো মেদিনাকে। 

মিডফিল্ডে কোনো চমক থাকছে না। যথারীতি রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারেই ভরসা রাখছেন স্কালোনি। তাদের সঙ্গী হিসেবে থাকবেন থিয়াগো আলমাদা। ডি মারিয়ার বিদায়ের পর আক্রমণভাগে তৈরি হওয়া শূন্যতা পূরণের দায়িত্বে থাকবেন আলমাদা। প্রয়োজনে নিচে নেমে মিডফিল্ডেও ভূমিকা রাখতে পারেন আলমাদা।

আর আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে থাকবেন লাউতারো মার্তিনেজ। অন্যদিকে মার্তিনেজের প্রতিদ্বন্দ্বী হুলিয়ান আলভারেজ সম্প্রতি গোড়ালির চোট কাটিয়ে উঠেছেন। তাঁকেও শেষদিকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে। 

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা অথবা গনজালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি অথবা ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading