রোনালদো তো হারিয়ে যায়নি: ইব্রাহিমোভিচ

রোনালদো তো হারিয়ে যায়নি: ইব্রাহিমোভিচ

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ জুন, ২০২৬, আপডেট ১৪:৩৩

প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই আলোচনার কেন্দ্রে ফিরে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে বড় জয়ে নেতৃত্ব দেয়ার পর নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেছিলেন, ‘আই অ্যাম ব্যাক’। তবে এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।

উজবেকিস্তানকে ৫-০ গোলে হারানোর পর রোনালদোর কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘আমি ফিরে এসেছি’ বলার কারণ কী। উত্তরে পর্তুগিজ অধিনায়ক বলেন, ‘যাতে মানুষ ভুলে না যায়।’

ম্যাচ পরবর্তী বিশ্লেষণে ফক্স স্পোর্টসে কথা বলতে গিয়ে ইব্রাহিমোভিচ বলেন, তিনি কখনোই মনে করেননি রোনালদো কোথাও হারিয়ে গিয়েছিলেন। তাই তার কাছে ‘ফিরে আসার’ ঘোষণার প্রয়োজনীয়তা স্পষ্ট নয়।

ইব্রার ভাষায়, ‘ওর বার্তার কথা যদি বলি, আমি তো ভাবিনি সে কোথাও গিয়েছিল। জানি না কেন সে বলল, “আমি ফিরে এসেছি।”’

পর্তুগালের বড় জয়কে অবশ্য স্বাভাবিক হিসেবেই দেখছেন সাবেক এই স্ট্রাইকার। তার মতে, ম্যাচটি এমনই ছিল যেখানে পর্তুগালের একাধিক গোল করার কথা। বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া উজবেকিস্তান এর আগের ম্যাচেও কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল।

তবে সমালোচনা বা খোঁচা যাই বলা হোক, উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি রোনালদোর জন্য ছিল রেকর্ড গড়ার মঞ্চ। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বিশ্বকাপ ইতিহাসে ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন। পাশাপাশি তিনি লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করা খেলোয়াড়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading