সরকারি কৃত্রিম প্রজনন সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, আপডেট ১২:৫০
নিয়োগ ও বেতনের দাবিতে আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে সারাদেশে গবাদিপশুর জাত উন্নয়নসংক্রান্ত সরকারি কৃত্রিম প্রজনন সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন এআই টেকনিশিয়ানরা (এআইটি)।
মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আজাদ হোসেন বলেন, ‘সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুর জাত উন্নয়নসংক্রান্ত সরকারি খাতে কৃত্রিম প্রজনন সেবায় কর্মরত ৫২৭২ জনের আউটসোর্সিং এ নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে অতীতের আন্দোলন থামিয়ে দেওয়া হয়। প্রতিশ্রুত বিষয়টি আইনি জটিলতায় আটকে গেলে চূড়ান্ত আন্দোলন কর্মসূচি অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া ব্যতীত ভিন্ন কোনও পথ আমাদের সামনে খোলা নেই। যে কোনো উপায়ে বা পদ্ধতিতে আমাদের একটি মজুরি নির্ধারণ এবং বাস্তবায়নের দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা সরকারি কাজে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘আজ একটি গাভী ২০ থেকে ৩০ লিটার পর্যন্ত দুধ দিচ্ছে, মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ। যার সিংহভাগ কৃতিত্বের দাবিদার আমরা যারা সরকারি পর্যায়ে বিনা বেতনে ইউনিয়ন পর্যায়ে এই সেবাটি দিয়ে যাচ্ছি। দীর্ঘ আন্দোলনের মুখে ২০১৬ সালে ৫০০ টাকা এবং ২০১৯ সালে ২০০০ টাকা ভাতা আমাদের দেওয়া হতো। ২০২৪ সালের জুনে ৯ মাসের বকেয়া রেখে তাও বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘বহু আন্দোলন ও আলোচনা ইতোমধ্যে আমরা অতিক্রম করেছি। সরকার তার কর্মীদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা দেবে এটাই স্বাভাবিক হওয়া উচিত। আমরা এআইটি’রা ৩ থেকে ৩০ বৎসর যাবৎ বিনা বেতনে প্রাণিসম্পদ অধিদফতর তথা দেশের সেবা দিয়ে আসছি। আজ আমাদের জীবন-জীবিকা বিপন্ন।’
সমিতির ভারপ্রাপ্তি মহাসচিব বলেন, ‘আমরা আগামীকাল ১ জুলাই থেকে গবাদিপশুর জাত উন্নয়নসংক্রান্ত সরকারি কৃত্রিম প্রজনন সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের আউটসোর্সিং, রাজস্ব হোক অথবা দৈনিক ভিত্তিতে নিয়োগ চাই। আমরা মজুরি চাই। মজুরি দিলে আমরা কাজে ফিরে যাব।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির কার্যকরী সভাপতি মো. মাসুদ করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউডি/কেএস

